হুয়াওয়ে আনছে হারমোনি

১৬ জুলাই, ২০১৯ ১৪:০৮  
যুক্তরাষ্ট্রের সঙ্গে শীতল বাণিজ্য যুদ্ধের সময় নিজস্ব অপারেটিং সিস্টেম হেংমেং এর ঘোষণা দিলেও ‘হারমোনি’ নামে আরেকটি ওএসের নিবন্ধন করছে চীনের প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ে। গত ১২ জুলাই ইউরোপীয় ইউনিয়নের ইন্টেলেকচুয়াল প্রোপার্টি অফিসে ট্রেডমার্ক আবেদন করেছে বলে জানিয়েছে জিএসএম এরিনা। তাদের তথ্য অনুযায়ী মোবাইল ও কম্পিউটারের ব্যবহারের জন্য হারমোনি ওএসের জন্য এ আবেদন করেছে হুয়াওয়ে। অবশ্য হুয়াওয়ের চেয়ারম্যান লিয়াং হুয়া বলেছেন, ভবিষ্যতে স্মার্টফোনের জন্য হংমেং ওএস উন্নয়ন করা হবে কি না, তা এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। প্রসঙ্গত, গত মে মাসে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কবলে পড়ায় বিকল্প পরিকল্পনা হিসেবে নিজস্ব অপারেটিং সিস্টেম বাজারে ছাড়ার পরিকল্পনা করে হুয়াওয়ে। ওই সময়ে হংমেং অপারেটিং সিস্টেমের জন্য ট্রেডমার্ক পেতে ইউরোপসহ নয়টি দেশে আবেদন করা হয়।